মানবতার সেবায় অসামান্য অবদান রাখায় ২০২৫-২০২৬ সালের জন্য রোটারি ইন্টারন্যাশনালের ‘এভিনিউ অব সার্ভিস’ পদক পেয়েছেন ক্যানসার রোগতত্ত্ব ও প্রতিরোধ বিশেষজ্ঞ রোটারিয়ান অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

শনিবার (৮ আগস্ট) রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে রোটারি জেলা ৬৪ ও ৬৫ এর যৌথ মেম্বারশিপ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে রোটারি ইন্টারন্যাশনালের পক্ষে এই পদক হস্তান্তর করেন কান্ট্রি কো-অর্ডিনেটর ও সাবেক গভর্নর ইশতিয়াক আবিদুজ্জামান। ডি-৬৪ ও ডি-৬৫ থেকে পাঁচজন করে, অর্থাৎ বাংলাদেশ থেকে মোট ১০ জনকে এ বছর এই পদক দেওয়া হয়।

আরও পড়ুন

ক্যানসার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা

ডা. রাসকিন একজন নিবেদিত রোটারিয়ান। তিনি এর আগে ক্লাব প্রেসিডেন্ট, সহকারী গভর্নর, জেলা ক্যানসার কমিটির চেয়ারম্যান, ডেপুটি কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেছেন। এ বছর তিনি জেলা ৬৪ এর প্রশিক্ষণ সমন্বয়কারী।

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটে ৩০ বছর বিভিন্ন পদে দায়িত্ব পালন করে অধ্যাপক হিসেবে অবসর নেওয়ার পর প্রকল্প সমন্বয়কারী হিসেবে গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতাল গড়ে তোলার দায়িত্ব পালন করছেন তিনি। এছাড়া দিনাজপুরে ‘বেগম খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল’ প্রকল্পের অবৈতনিক উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

ডা. রাসকিন বাংলাদেশ ক্যানসার ফাউন্ডেশনের সভাপতি, বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী এবং ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে ক্যানসার প্রতিরোধ ও স্ক্রিনিং এবং অস্বচ্ছল ক্যানসার রোগীদের কল্যাণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ইএইচটি/এমএমকে