বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উচ্ছ্বাস কর্মকারের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন খালপাড় এলাকায় একটি মেসের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে উচ্ছ্বাসের কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। মঙ্গলবার রাতে সেখান থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে শুরু করলে মেসের অন্য বাসিন্দারা বিষয়টি পুলিশকে জানায়। পরে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন
ফাইনাল ম্যাচ দেখে বাড়ি ফিরে ফাঁস নিলেন যুবক
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে উচ্ছ্বাসকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বরিশাল বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, অন্তত দুইদিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। আত্মহত্যা কি না, সেটিও তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।
তিনি জানান, উচ্ছ্বাস খুলনার বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয়-সংলগ্ন ভোলা রোডের শশী ভিলার মেসের কক্ষে একাই থাকতেন।
শাওন খান/একিউএফ/এমআইএইচএস








