ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার ভোরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। এই হামলা এমন সময়ে ঘটলো যখন ইউক্রেন নতুন আকাশ প্রতিরক্ষা গোলাবারুদের অপেক্ষায় রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্রের ঘাটতি থাকায় কিয়েভ রুশ হামলার মুখে আরও বেশি ঝুঁকির মধ্যে পড়েছে। রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানান, বিমান হামলার সতর্কতা জারি হওয়ার আগেই শনিবার ভোরে কিয়েভে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়।