বিশ্বখ্যাত হলিউড পপতারকা টেইলর সুইফট ও মার্কিন ফুটবল তারকা ট্রাভিস কেলসির বিয়ে নিয়ে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে। নিউইয়র্কে বড় আয়োজনের প্রস্তুতির খবর প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে বাড়ছে কৌতূহল। যদিও এখন পর্যন্ত বিয়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি এই তারকা জুটি।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিউইয়র্কের বিখ্যাত একটি অঙ্গন ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশে কয়েক দিনের জন্য সড়ক বন্ধের অনুমতি নেওয়া হয়েছে। একই সময়ে সেখানে বড় পরিসরে একটি ব্যক্তিগত অনুষ্ঠানের প্রস্তুতিও চলছে। এরপর থেকেই ধারণা করা হচ্ছে, টেইলর ও ট্রাভিসের বিয়ের আয়োজন হতে পারে সেখানেই।
খবরে আরও বলা হয়েছে, অনুষ্ঠানের জন্য মঞ্চ, আলো, সাজসজ্জার নানা সরঞ্জাম, খাবারসহ বিভিন্ন সামগ্রী আনা হচ্ছে। অতিথিদের জন্য হোটেলও বুক করা হয়েছে বলে জানা গেছে। কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রথমে ছোট পরিসরে একটি নৈশভোজ এবং পরে বড় পরিসরে উদ্যাপনের পরিকল্পনা রয়েছে।
নিউইয়র্কের পুলিশ জানিয়েছে, ওই সময় একটি বড় ব্যক্তিগত অনুষ্ঠানকে ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এটি টেইলর সুইফটের বিয়ের অনুষ্ঠান কি না, সে বিষয়ে তারা কোনো মন্তব্য করেনি।
এদিকে শহরের মেয়রও সাম্প্রতিক এক বক্তব্যে টেইলর সুইফটের সম্ভাব্য বিয়ের প্রসঙ্গ উল্লেখ করে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
তবে অনেকের ধারণা, এত আলোচনা ও গুঞ্জনের মধ্যেও এটি ভক্তদের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর কৌশলও হতে পারে। কারণ টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি কিংবা তাদের প্রতিনিধিদের পক্ষ থেকে এখন পর্যন্ত বিয়ের তারিখ, স্থান বা আয়োজন নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
আরও পড়ুনঃ ব্রাজিল ভক্তের ছুরিকাঘাতে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
এর আগে বিভিন্ন সময় তাদের বিয়ের সম্ভাব্য স্থান হিসেবে রোড আইল্যান্ড, কানসাস সিটি, পেনসিলভানিয়াসহ কয়েকটি জায়গার নামও আলোচনায় এসেছিল। তবে সেসব তথ্যেরও কোনোটি নিশ্চিত হয়নি।
সূত্র: বিবিসি
The post সব জল্পনার অবসান ঘটিয়ে তবে কী বিয়ে করছেন টেইলর ও ট্র্যাভিস? appeared first on ZoomBangla.







