জনপ্রিয় স্ট্রিমিং সেবা অ্যাপল মিউজিক ২০২২ সালের পর প্রথমবার সাবস্ক্রিপশন ফি বৃদ্ধি করেছে। শুক্রবার প্রতিষ্ঠানটি জানায়, লাইসেন্সিং ব্যয় বৃদ্ধির কারণে নতুন মূল্য কার্যকর করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, অ্যাপল মিউজিকের স্ট্যান্ডার্ড প্রিমিয়াম সাবস্ক্রিপশনের মাসিক ফি ১ ডলার বেড়ে ১১.৯৯ ডলার হয়েছে। ফ্যামিলি প্ল্যানের মূল্য ১৬.৯৯ ডলার থেকে বেড়ে ১৯.৯৯ ডলার এবং স্টুডেন্ট প্ল্যানের মূল্য ৬.৯৯ ডলার নির্ধারণ করা হয়েছে। মূল্য বৃদ্ধি সত্ত্বেও অ্যাপল মিউজিক এখনো প্রতিদ্বন্দ্বী স্পটিফাইয়ের তুলনায় মাসে ১ ডলার সস্তা। বর্তমানে স্পটিফাইয়ের সর্বনিম্ন প্রিমিয়াম প্ল্যানের মূল্য ১২.৯৯ ডলার। চলতি বছরের শুরুতে স্পটিফাইও তাদের সাবস্ক্রিপশন মূল্য বাড়িয়েছিল। বিশ্লেষকদের মতে, মুদ্রাস্ফীতি ও কনটেন্ট লাইসেন্সিং ব্যয় বৃদ্ধির কারণে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো ক্রমেই মূল্য সমন্বয়ের পথে হাঁটছে। সংগীতশিল্পের বিভিন্ন অংশীজনও দীর্ঘদিন ধরে স্ট্রিমিং সেবার মূল্য বাড়ানোর পক্ষে অবস্থান নিয়ে আসছেন। এর আগে ২০২২ সালের অক্টোবরে অ্যাপল মিউজিক ও অ্যাপল টিভি প্লাসের মূল্য বৃদ্ধি করেছিল অ্যাপল।