অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাঁর স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। আগামী ১০ আগস্ট অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেছেন আদালত।

বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-১০–এর ভারপ্রাপ্ত বিচারক মো. আবদুস সালাম এ দিন ধার্য করেন। এর আগে গত ২৪ মে একই কারণে শুনানি পেছানো হয়।

দুদকের পাবলিক প্রসিকিউটর শাহ মো. নাজমুজ সাকিব প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার অভিযোগ গঠনের দিন ধার্য থাকলেও তা সম্ভব হয়নি। আদালত নতুন দিন ধার্য করেছেন। এই মামলায় শুধু আসামি মুদ্দাসির খান জ্যোতি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। অন্য আসামিরা পলাতক।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই মামলার অন্য আসামিরা হলেন তাঁর স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মুদ্দাসির খান জ্যোতি এবং মেয়ে শাফিয়া তাসনিম খান। সকালে কারাগারে থাকা আসামি জ্যোতিকে আদালতে হাজির করা হয়।

তবে ঢাকার বিশেষ জজ আদালত-১০–এর বিচারক ছুটিতে থাকায় শুনানি হয়নি। এ জন্য ভারপ্রাপ্ত বিচারক শুনানির নতুন দিন ধার্য করেছেন। শুনানি না হওয়ায় শাফি মুদ্দাসির খান জ্যোতিকে আদালতের এজলাসে নেওয়ার কিছুক্ষণ পরই তাঁকে পুলিশের কঠোর নিরাপত্তায় দুপুর ১২টা ২ মিনিটে হাজতখানায় রাখা হয়।

২০২৪ সালের ৯ অক্টোবর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলা করে দুদক। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২–এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়। তদন্ত শেষে গত বছরের ১৮ ডিসেম্বর আসাদুজ্জামান খান কামালসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আসাদুজ্জামান খান একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে অসাধু উপায়ে অপরাধমূলক অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২২ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ১৬২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। এ ছাড়া এই আসামি ৯টি ব্যাংক হিসেবে ৮৭ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৯৩৩ টাকা লেনদেন করে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুষ’ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তার রূপান্তর বা স্থানান্তর বা হস্তান্তর করেছেন।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র অনুমোদন