সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্রে গোসলে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ পর্যটকের নাম ডা. সুব্রত সাহা বিকাশ (৩৩)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র দেখতে এসেছিলেন সুব্রত সাহাসহ চার জন। বৃহস্পতিবার সাদাপাথর পর্যটন কেন্দ্রে যান তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাদাপাথর পর্যটন কেন্দ্রে বিজিবির ক্যাম্পের সামনে গোসল করতে নামেন তিনজন। সাঁতার কাটতে কাটতে একপর্যায়ে স্রোতের মধ্যে চলে যান তারা। এ সময় দুই জন সাঁতরে উঠতে পারলেও সুব্রত পানির নিচে তলিয়ে যান।

ভোলাগঞ্জ ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম বলেন, “সাদাপাথরে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে চেষ্টা করছে।”