উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সমুদ্র উপকূলবর্তী চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
রোববার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নচাপটি রোববার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১৫০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ২৫০ কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এ কারণে নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।
এ পরিস্থিতিতে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ অবস্থানে থাকতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদরা বলছেন, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে ঝোড়ো হাওয়ার পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই উপকূলবাসী, জেলে এবং সমুদ্রগামী নৌযানের প্রতি সর্বশেষ আবহাওয়া বুলেটিন অনুসরণ করে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
কর্ণফুলীতে নোঙর করে রাখা হয়েছে নৌযান : টানা দাবদাহের পর রোববার স্বস্তির বৃষ্টি নেমেছে চট্টগ্রামে। সন্ধ্যার পর দমকা হাওয়াসহ ভারী বৃষ্টির দেখা মিলে। এতে করে নগরীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে যায়।
এদিকে, চট্টগ্রাম সমুদ্রবন্দরের জন্য ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করায় মাছ ধরতে গভীর সাগরে যেতে পারেনি নৌযানগুলো। সম্ভাব্য ক্ষতি এড়াতে এসব নৌযান ও বন্দরের লাইটারেজ জাহাজ কর্ণফুলী নদীতে নোঙর করে রাখা হয়।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে চট্টগ্রামসহ উপকূলীয় অঞ্চলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা বৃষ্টি বা বজ বৃষ্টি এবং পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।








