অতি ভারী বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি তিনটি ফ্লাইট। এর মধ্যে দুটি আন্তর্জাতিক ও একটি অভ্যন্তরীণ ফ্লাইট। অন্যদিকে প্রায় সব ফ্লাইট ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা বিলম্বে চলাচল করছে।

আজ মঙ্গলবার বেলা ২টায় বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আবুধাবি থেকে চট্টগ্রামগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৫০ এবং শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি-৯৫২৬ ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকায় নেমেছে। এ ছাড়া ঢাকা থেকে চট্টগ্রামগামী বাংলাদেশ বিমানের বিজি-১২১ ফ্লাইট বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামে নামতে না পেরে আবার ঢাকায় ফিরে গেছে।

তবে চট্টগ্রাম থেকে নির্ধারিত সব ফ্লাইট ছেড়ে গেছে বলে জানান ইব্রাহীম খলিল। তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে আগমন ও প্রস্থানে প্রায় সব ফ্লাইটে স্বাভাবিক সময়ের তুলনায় ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা বিলম্ব হচ্ছে। বিমানবন্দর এলাকায় ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৮৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, ২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে তা অতি ভারী বৃষ্টি হিসেবে ধরা হয়। সে হিসাবে চট্টগ্রামে এ সময়ে অতি ভারী বৃষ্টি হয়েছে।