শাহজাদপুরের পোতাজিয়ার নুকালী বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন পরীক্ষা চলাকালে মদ্যপান করে অফিসকক্ষে বসে মাতলামি ও অসংগতিপূর্ণ কথাবার্তা বলার ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে সাময়িক বরখাস্ত এবং এমপিও স্থগিত করেছে শিক্ষা অধিদপ্তর। শনিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বেসরকারি মাধ্যমিক শাখার সহকারী পরিচালক (২) এসএম মোসলেম উদ্দিন স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ২ জুলাই সকালে নুকালী বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অধিদপ্তরের চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রধান শিক্ষক রুহুল আমিনের আপত্তিকর, অনৈতিক ও আইনবহির্ভূত কর্মকাণ্ড শিক্ষক সমাজের মর্যাদা চরমভাবে ক্ষুণ্ন করেছে। একই সঙ্গে ছাত্রছাত্রী, অভিভাবক ও সাধারণ মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে-যা স্বীকৃতপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকদের চাকরির শর্ত বিধিমালা ১৯৭৯ অনুযায়ী চরম শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচারণের শামিল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার এমপিও স্থগিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
একই কারণে অভিযুক্ত প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করে ইউএনও সাবরিনা শারমিন শনিবার বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের সভার সিদ্ধান্তে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রশিদকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়েছেন।








