চাঁদপুরের শাহরাস্তিতে বড় জা রিগান আক্তার মিমকে হত্যার পর ‘ডাকাতির নাটক’ সাজানোর অভিযোগে গ্রেপ্তার কাজী সুমাইয়া হোসেন মিনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে নিহতের স্বজন ও এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে নিহত মিমের দুই শিশু সন্তান, পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাসহ সহস্রাধিক মানুষ অংশ নেন। তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িত অন্যদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।সমাবেশে বক্তব্য দেন নিহতের বাবা কবির হোসেন, চাচাতো ভাই গোলাম কিবরিয়া, দাদা শ্বশুর আব্দুল হক প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডে আরও অন্তত দুজন জড়িত থাকতে পারেন। ঘটনার রাতে স্থানীয় লোকজন সন্দেহভাজন দুজনকে এলাকা ছেড়ে পালিয়ে যেতে দেখেছেন। এছাড়া গ্রেপ্তার আসামির জামিনের জন্য একটি পক্ষ তৎপরতা চালাচ্ছে বলেও তাঁরা অভিযোগ তোলেন।উল্লেখ্য, গত ১৪ জুলাই দিবাগত রাতে শাহরাস্তি পৌরসভার বাত্তলা এলাকায় গৃহবধূ রিগান আক্তার মিম খুন হন। এ ঘটনায় পুলিশ নিহতের দেবরবধূ (ছোট জা) কাজী সুমাইয়া হোসেন মিনাকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, মিনা ইতিমধ্যে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্ত এখনো চলছে।