চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী বাজারের একটি স্বর্ণের দোকান থেকে বিজয় ঘোষ (৪৫) নামে এক কারিগরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) সকালে ‘আলিফ গোল্ড মার্কেট’-এর ‘নিউ মাতৃ শিল্পালয়’ নামে দোকান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, মৃত্যুর দুই দিন আগে মুঠোফোনে কারও সঙ্গে উচ্চস্বরে কথা কাটাকাটি হয়েছিল বিজয়ের।বিজয় ঘোষ মতলব উত্তর উপজেলার নায়েরগাঁও এলাকার জহর লাল চন্দ্র ঘোষের ছেলে। তিনি প্রায় দুই বছর ধরে ওই প্রতিষ্ঠানে স্বর্ণের কারিগর হিসেবে কর্মরত ছিলেন এবং দোকানেই রাত্রিযাপন করতেন।দোকানমালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে মালিকপক্ষ বাড়ি চলে যান। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় দোকানটি বন্ধ ছিল। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দোকানের যৌথ মালিক ও নিহতের শ্যালক বিকম চন্দ্র ঘোষ দোকান খুলতে এসে ভেতরে কলাপসিবল গেটে তালা দেখতে পান। পরে বিকল্প চাবি দিয়ে ভেতরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে বিজয় ঘোষের ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি।বিকম চন্দ্র ঘোষ জানান, বিজয় ঘোষের সঙ্গে পরিবারের সদস্য বা দোকানের কারও কোনো বিরোধ ছিল না। তবে ঘটনার দুই দিন আগে রাতে মুঠোফোনে বিজয়কে কারও সঙ্গে উচ্চস্বরে কথা কাটাকাটি করতে শুনেছিলেন তিনি। কী কারণে এই ঘটনা ঘটেছে, সে বিষয়ে স্বজনেরা নিশ্চিত নন।হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অপরাধ
স্বর্ণের দোকানে কারিগরের রহস্যময় মৃত্যু

শেয়ার করুন







