ঝিনাইদহের শৈলকুপায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তীর্থ বিশ্বাস (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ভাটই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত পিকআপ ভ্যানটি আটক করেছে হাইওয়ে পুলিশ।নিহত তীর্থ বিশ্বাস ভাটই গ্রামের তপন কুমারের ছেলে। সে স্থানীয় ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে তীর্থ মোটরসাইকেলে করে বাড়ি থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিল। পথে ভাটই সরকারি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তীর্থ গুরুতর আহত হয়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগ জানায়, হাসপাতালে পৌঁছানোর আগেই কিশোর তীর্থের মৃত্যু হয়েছে।ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী বলেন, ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।