সেনাবাহিনীর সহায়তায় রাঙামাটির সাজেক ভ্যালি ছেড়েছেন আটকে পড়া আরও ৪১১ পর্যটক। টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে মাচালং ও বাঘাইহাট বাজার এলাকায় সড়ক ডুবে থাকায় তাঁরা আটকে পড়েন। আজ শুক্রবার সকালে নৌকা ও বাঁশের ভেলায় করে পর্যটকদের ওই এলাকা পার করিয়ে দেওয়া হয়। এরপর সড়কপথে তাঁদের নিরাপদ গন্তব্যে পাঠায় সেনাবাহিনী।

​সাজেক কটেজ ও রিসোর্ট মালিক সমিতি এবং স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে রাঙামাটির দীঘিনালা-বাঘাইহাট-মাচালং-সাজেক সড়কের বিভিন্ন অংশ প্লাবিত হয়। এতে সাজেকে প্রায় ৫৬১ পর্যটক আটকা পড়েন। গতকাল বৃহস্পতিবার বিকেলে সেনাবাহিনীর বিশেষ উদ্যোগে পানিতে ডুবে থাকা সড়কগুলোতে নৌকা ও বাঁশের ভেলার মাধ্যমে পর্যটকদের পারাপারের ব্যবস্থা করা হয়। প্রথম দফায় সাজেক ছেড়ে যাওয়া ১৫০ পর্যটকের মধ্যে ১০টি শিশু, ১০০ জন পুরুষ ও ৪০ জন নারী ছিলেন। যাঁদের জরুরি কাজ ছিল, মূলত তাঁরাই প্রথম দফায় সাজেক ছেড়েছেন। দ্বিতীয় দফায় আজ বাকি পর্যটকেরা সাজেক ছাড়েন।

সাজেক কটেজ ও রিসোর্ট মালিক সমিতির সচিব সুরেশ ত্রিপুরা প্রথম আলোকে বলেন, আটকে পড়া সব পর্যটক আজ সকাল ৯টার দিকে সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছেড়েছেন। এখন সাজেকে আর কোনো পর্যটক নেই।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান প্রথম আলোকে বলেন, সাজেকে আটকে থাকা পর্যটকদের মধ্যে গতকাল প্রথম দফায় কিছু পর্যটক চলে গেছেন। আজ সকালে বাকি পর্যটকেরা সাজেক ছেড়েছেন।