রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক এলাকায় দুই সশস্ত্র গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে রোববার সকাল-দুপুর সাজেক ইউনিয়নের ভুয়াছড়ি এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত গ্রুপ কয়েক দফা গোলাগুলিতে লিপ্ত হয় বলে জানা গেছে। তবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ওই এলাকায় দুই সশস্ত্র গ্রুপের সদস্যদের মধ্যে ব্যাপক গুলিবিনিময়ের ঘটনা ঘটে। একপর্যায়ে ইউপিডিএফের ৭ কর্মীকে প্রতিপক্ষ অপহরণ করে নিয়ে গেলে উভয় গ্রুপের সদস্যরা পিছু হটে পাশের গহীন জঙ্গলে চলে যায়। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কোনো পক্ষের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে সাজেক থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, তিনি তখন সরকারি কাজে থানার বাইরে ছিলেন। সাজেকের ভুয়াছড়ি এলাকায় জেএসএস ও ইউপিডিফের মধ্যে গোলাগুলির খবর শুনেছেন। এলাকাটি থানা থেকে অনেক দূর এবং দুর্গম। তাই তাৎক্ষণিক ফোর্স পাঠানো সম্ভব হয়নি এবং হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি।








