দেশের ৩ বিভাগের ৭টি জেলার ওপর দিয়ে শুক্রবার (৭ আগস্ট) সকালের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।সতর্কবার্তায় বলা হয়, শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার মধ্যে ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এদিকে আবহাওয়ার নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েক দিন সারা দেশেই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোনো কোনো এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।/