দুইশ জনের কৃষি প্রণোদনা না পেয়ে এক কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি দেওয়ায় মাগুরার শালিখা উপজেলা যুবদল সদস্য সচিব নয়নুজ্জামান মুন্সী নয়নকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সম্মতিতে যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে মাগুরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বলেন, এক সরকারি কর্মকর্তাকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার ঘটনা সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থি হওয়ায় কেন্দ্রীয় কমিটি তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়েছে। ১ জুলাই শালিখা উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা পলাশ রায়কে মোবাইল ফোনে হুমকির অভিযোগ ওঠে উপজেলা যুবদলের সদস্য সচিব নয়নের বিরুদ্ধে। নয়ন ওই কর্মকর্তার কাছে দুইশ জনের কৃষি প্রণোদনার দাবি করে একটি তালিকা দেন।

কিন্তু তার দেওয়া তালিকা থেকে দেড়শ জনের নাম নির্বাচন করা হয়।