পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ প্রকাশের জেরে মোয়াজ্জেম হোসেন (৪০) নামের এক সাংবাদিকের ওপর হামলার অভিযো্গ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। শনিবার (২৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের মাছ বাজার সংলগ্ন সদর রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মোয়াজ্জেম হোসেন ‘দৈনিক আজকের পত্রিকা’ এর কলাপাড়া প্রতিনিধি এবং উপজেলার নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোয়াজ্জেম হোসেন বলেন, তিনি রাত ৮টার দিকে একটি মোবাইল মেরামতের দোকানে বসেছিলেন। এসময় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফাহিম ও মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বেল্লালের নেতৃত্বে ৭ থেকে ৮ জন ছাত্রদল নেতাকর্মীরা তার ওপর দুই দফা অর্তকিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হোন।
তিনি অভিযোগ করে বলেন, গত ২১ জুন শহরের স্লুইজ এলাকায় তার বোনের বসতবাড়িতে হামলার ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের জেরে তার ওপর এ হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে জানতে কলাপাড়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফাহিমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বেল্লাল বলেন, তিনি ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন না। কে বা কারা হামলা করেছেন তিনি এ বিষয়ে কিছুই জানেন না।
কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, বিষয়টি দুঃখজনক। আমরা ঘটনার খোঁজখবর নিচ্ছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।








