চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেছেন, সাংবাদিকতা সমাজের দর্পণ। তাই সংবাদ প্রকাশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা, সত্যতা ও তথ্য যাচাই নিশ্চিত করা সাংবাদিকদের অন্যতম প্রধান দায়িত্ব।

সোমবার (২৯ জুন) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয়ে আয়োজিত ‘গল্পে আড্ডায় সাংবাদিকতা ও ফল উৎসব-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আল-ফোরকান বলেন, অনেকে মনে করেন প্রশাসন সাংবাদিকদের কণ্ঠরোধ করতে চায়। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী এবং এতে কোনো হস্তক্ষেপ করতে চায় না। সাংবাদিকতা সমাজের দর্পণ। দর্পণ যদি ময়লাযুক্ত বা ভাঙা হয়, তাহলে সমাজের চিত্রও বিকৃতভাবে ফুটে ওঠে। তাই সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা ও সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য যথাযথভাবে যাচাই করা জরুরি।

তিনি আরও বলেন, সাংবাদিকরা যেমন সমাজের ইতিবাচক দিকগুলো তুলে ধরবেন, তেমনি অন্যায়-অসঙ্গতিও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করবেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, ক্যাম্পাস সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার। তাদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা চিহ্নিত ও সমাধান করা সম্ভব।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, ফল উৎসব আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। ইতিবাচক ও গঠনমূলক সংবাদ প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

চবিসাসের সভাপতি রেফায়েত উল্যাহ রুপকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. আতিয়ার রহমান, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি এবং চবি শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী, শিক্ষক, সাংবাদিক, চাকসুর ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এমএমআরআর/এনএইচআর/এএসএম