রেকর্ড ভাঙার উচ্ছ্বাস আর তরুণ সাঁতারুদের দুর্দান্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতা। শনিবার মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে চারদিনের প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। উদ্বোধনী দিনে ছয়টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। এর মধ্যে সাঁতারে পাঁচটি এবং ডাইভিংয়ে একটি।
দিনের সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্স বিকেএসপির আব্দুল আজিমের। তিনি ১৫-১৭ বছর বালকদের ১০০ মিটার ফ্রিস্টাইলে ৫৬.৯৭ সেকেন্ড সময় নিয়ে ২০১২ সালে আসিফ রেজার গড়া রেকর্ড ভেঙে নতুন জাতীয় রেকর্ড গড়েন। ২০০ মিটার ব্যক্তিগত মিডলে এবং ৪০০ মিটার ফ্রিস্টাইলেও নতুন জাতীয় রেকর্ড গড়েন তিনি। ১৮-২০ বছর যুব বিভাগের ২০০ মিটার ফ্রিস্টাইলে বিকেএসপির মনির খান নতুন জাতীয় রেকর্ড গড়েন। ১৩-১৪ বছর বালকদের ২০০ মিটার ফ্রিস্টাইলে নিকলী সুইমিং ক্লাবের শামীমুল হক এবং ডাইভিংয়ের ১ মিটার স্প্রিংবোর্ডে ঢাকা অ্যাকোয়াটিকস ক্লাবের অর্পা দাস নতুন জাতীয় রেকর্ডের মালিক হন।
প্রথমদিন শেষে পদক তালিকায় আধিপত্য বিকেএসপির।
তারা ১৬টি স্বর্ণ, ১২টি রুপা ও ৭টি ব্রোঞ্জ জিতে শীর্ষে রয়েছে। মেঘনা মোহনা সুইমিং ক্লাব, চাঁদপুর এবং নিকলী সুইমিং ক্লাব, কিশোরগঞ্জ সমান তিটি স্বর্ণ, একটি রুপা ও তিনটি ব্রোঞ্জ জিতে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে। ব্যক্তিগত পারফরম্যান্সে নজর কেড়েছেন প্রিয়াংকা পাহান, নিঝুম খাতুন, নূর জাহান, মরিয়ম ইসলাম, নাদিমুল হক, ফাতিহা মাহতাব মাইশা, মনির খান, শামীমুল হক ও অর্পা দাস।








