বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
১৩ বছরের রেকর্ড পতনের পরও কমেই চলেছে সোনার দাম
আন্তর্জাতিক বাজারে সোনার দামে আবারও বড় পতন হয়েছে। গত জুন মাসে শেষ হওয়া প্রান্তিকে সোনা ১৩ বছরের মধ্যে সবচেয়ে খারাপ সময় পার করেছে। এরপর বুধবার (১ জুলাই) নতুন বছরের দ্বিতীয়ার্ধের শুরুতে মূল্যবান এই ধাতুর দাম আরও কমেছে।
পাকিস্তানে আফগানিস্তানের ড্রোন হামলা, কী করবে ইসলামবাদ?
সীমান্ত পার হয়ে আসা আফগানিস্তানের চারটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান। বুধবার (১ জুলাই) দেশটির বেলুচিস্তানে এই ঘটনা ঘটে। এর মাত্র কয়েক ঘণ্টা আগে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিল, তাদের বিমানবাহিনী বেলুচিস্তানের পিশিন জেলা এবং খাইবার পাখতুনখাওয়ার কিছু অংশে আইএসআইএল (আইএসআইএস) কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে।
বিজ্ঞানীদের সতর্কবার্তা/ জুনে রেকর্ড ভেঙেছে তাপমাত্রা, সামনে গরম আরও বাড়বে
বিশ্বের সমুদ্রগুলো ইতিহাসের সবচেয়ে উষ্ণ জুন মাস পার করেছে এবার। জলবায়ু পরিবর্তন এবং এল নিনোর প্রভাবে আগামী মাসগুলোতে তাপমাত্রা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের এক নতুন প্রতিবেদনে বিজ্ঞানীরা এই আশঙ্কার কথা জানিয়েছেন।
আইফোন ১৮ প্রো’র গোপন তথ্য ফাঁস, যা জানা গেল
অ্যাপলের অন্যতম প্রধান সরবরাহকারী প্রতিষ্ঠান টাটা ইলেকট্রনিক্স বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। হ্যাকাররা প্রতিষ্ঠানটি থেকে ৬৩০ গিগাবাইটের বেশি গোপন তথ্য চুরি করেছে। এরপর তারা আইফোন ১৮ প্রো মডেলের বিভিন্ন যন্ত্রাংশের ছবি ও সরবরাহকারীদের তালিকা ইন্টারনেটে ফাঁস করে দিয়েছে। আগামী সেপ্টেম্বরে এই ফোনটি বাজারে আসার কথা রয়েছে।
আয়াতুল্লাহ খামেনির জানাজার সময় তেহরানে ফ্লাইট নিয়ন্ত্রণের ঘোষণা
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় গত ২৮ ফেব্রুয়ারি নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার জানাজা ও দাফনকে কেন্দ্র করে ব্যাপকভাবে ফ্লাইট নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা।
পশ্চিমবঙ্গে গুন্ডা দমন বিল পাস, বাজেয়াপ্ত হবে সম্পত্তি
গুজরাট, কেরালা, মহারাষ্ট্র, কর্ণাটক ও উত্তর প্রদেশের পর এবার সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া আইনের পথে যাচ্ছে পশ্চিমবঙ্গ। সম্প্রতি রাজ্যের বিধানসভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সমাজবিরোধী কর্মকাণ্ড, সংগঠিত অপরাধ, দাঙ্গা রোধ এবং বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা নিলামে তুলে ক্ষতিপূরণ আদায় করতে দুটি গুরুত্বপূর্ণ বিল আনা হয়েছে।
ভারত ভ্রমণের পর মস্তিষ্কে পাওয়া যায় ৩৮ পরজীবী, দীর্ঘ লড়াই শেষে সুস্থ
ভারত সফরের কয়েক বছর পর বিরল পরজীবী সংক্রমণে আক্রান্ত হন যুক্তরাজ্যের এক নারী। এতে মস্তিষ্কে ৩৮টি পরজীবী নিয়ে দীর্ঘ সময় মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন তিনি। বহু বছর চিকিৎসার পর তিনি এখন অনেকটাই সুস্থ এবং এই বিরল রোগ সম্পর্কে মানুষকে সচেতন করতে কাজ করছেন।
সংকটের মধ্যেও কৃষিতে ভরসা আফগান নারীরা
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের দুর্গম নুরিস্তান প্রদেশের একটি প্রত্যন্ত গ্রামে কৃষিকাজের মাধ্যমে পুরো জনপদের জীবনধারা টিকিয়ে রাখছেন নারী কৃষকরা। বরফে ঢাকা পাহাড়ঘেরা এই অঞ্চলে বছরের বেশিরভাগ সময় বিচ্ছিন্ন অবস্থায় থাকতে হয় বাসিন্দাদের। এখানে খাদ্য উৎপাদনের মূল দায়িত্ব বহন করেন গ্রামের নারীরা।
জাপানের নতুন কঠোর ভিসানীতি, স্বপ্ন ভাঙছে বিদেশিদের
জাপানে ব্যবসা পরিচালনা ভিসার নতুন ও কঠোর নিয়মের কারণে দেশটিতে বসবাসরত অনেক বিদেশি উদ্যোক্তা অনিশ্চয়তায় পড়েছেন। নতুন শর্ত পূরণ করতে না পারলে তাদের জাপান ছাড়তে হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
দক্ষিণ আফ্রিকায় অভিবাসীবিরোধী সহিংস বিক্ষোভ, আতঙ্কে হাজারো বিদেশি
দক্ষিণ আফ্রিকাজুড়ে অভিবাসীবিরোধী বিক্ষোভ আরও তীব্র হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দেশজুড়ে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে। কয়েকটি এলাকায় বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়, লুটপাটের ঘটনাও ঘটে।
কেএএ/








