কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু
কিশোরগঞ্জ সদর ইউনিয়নের মুশা পাকার মাথায় রোববার দুপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- নীলফামারী সদরের সুটিপাড়া গ্রামের মৃত মেহের চাঁদের ছেলে আব্দুল মোমিন ও একই গ্রামের ডাইরকা চন্দ্রের ছেলে জয়ন্ত কুমার। পল্লী বিদ্যুতের লাইন মেরামতের সময় খুঁটিতে বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিক মারা যান। কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
কোম্পানীগঞ্জে সিঁড়ি থেকে পড়ে ছাত্রের মৃত্যু
কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার রামদি এলাকায় শনিবার বিকালে বসতঘরের সামনের বসার সিঁড়ি থেকে পড়ে জাহিদুল ইসলাম জিহাদ (৯) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। নিহত জিহাদ আবুল খোনারের বাড়ির মোহাম্মদ জয়নালের ছেলে এবং স্থানীয় আশরাফুল উলুম মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। দুপুরে খাবার খেয়ে বসতঘরের সামনের সিঁড়ি থেকে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নীলফামারীতে ২ দাবিতে ডাক কর্মচারীদের বিক্ষোভ
রোববার দুপুরে দুই দফা দাবি বাস্তবায়নে অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ নীলফামারী জেলা শাখা। বক্তারা বলেন, তিন গুণ বেতন ভাতা বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদানের দাবিতে সারা দেশে একযোগে ওই কর্মসূচি চলছে। ডাক বিভাগে এখনও বৈষম্য রয়েছে। ৩-৪ হাজার টাকা সম্মানি পাই। এই সময়ে ওই অর্থ দিয়ে সংসার চালানো কি সম্ভব? নীলফামারী প্রতিনিধি
যৌতুক না পেয়ে শ্বশুরকে হত্যাচেষ্টা, গ্রেফতার ২
সোনাইমুড়ির বজরা ইউনিয়নের মুটবী গ্রামে শনিবার রাতে যৌতুকের টাকা না পেয়ে শ্বশুর শাহাজানকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় জামাই সুজন ও তার ভাই ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ। সুজন ইউরোপ যাওয়ার জন্য শ্বশুরকে যৌতুকের জন্য চাপ দিয়ে স্ত্রীর ওপর নির্যাতন চালায়। যৌতুক না পেয়ে শনিবার জামাই সুমন ও তার সহযোগীরা শাহজাহানকে কুপিয়ে জখম করে। সোনাইমুড়ি (নোয়াখালী) প্রতিনিধি
রাঙামাটিতে ২ আ.লীগ নেতা গ্রেফতার
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বহুল বিতর্কিত সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমাসহ কার্যক্রম নিষিদ্ধ দুই আ.লীগ নেতাকে রোববার দুপুরে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার অপরজন হলেন বাঘাইছড়ি আ.লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন। জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজনের বিরুদ্ধে থানায় নির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে বলে জানায় পুলিশ। রাঙামাটি প্রতিনিধি
কেন্দ্রে পৌঁছানোর আগেই দুর্ঘটনায় আহত পরীক্ষার্থী
কাউনিয়ায় রোববার সকালে পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শারমিন আক্তার নামে এক মাদ্রাসাছাত্রী গুরুতর আহত হয়েছেন। শারমিন দুই সহপাঠীকে সঙ্গে নিয়ে নিজপাড়া আহমদিয়া সিনিয়র মাদ্রাসায় পরীক্ষা দিতে যাচ্ছিল। পথে উপজেলার মধুপুর সড়কের সরদার দিঘি এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
সাঁথিয়ায় ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন মা
সাঁথিয়ায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রোববার পুলিশে ধরিয়ে দিলেন ভুক্তভোগী মা। মাদকাসক্ত আব্দুর রাজ্জাকের বাড়ি সাঁথিয়া পৌর এলাকার ফকিরপাড়া মহল্লায়। আব্দুর রাজ্জাক দীর্ঘদিন মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত বলে জানান তার পরিবার। বর্তমানে সে মাদক সেবনের টাকা না পেলে তার মা এবং স্ত্রীকে বিভিন্ন সময় মারধর করে। তার মাকে সে একাধিকবার মারধর করে বাড়ি থেকে বের করেও দিয়েছে। সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
বিশ্বনাথে প্রকাশ্যে নারীর দেড় লাখ টাকা ছিনতাই
বিশ্বনাথে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে রোববার দুপুরে হরিকলস নামক স্থানে প্রকাশ্যে নারীর কাছ থেকে দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। ওই নারী পৌরসভার আলাপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের স্ত্রী পরতিঙ্গা বেগম। রোববার ডাস্ বাংলা ব্যাংক থেকে এক লাখ ৪৫ হাজার টাকা তুলেন। টাকা উত্তোলন করে ফেরার পথে দুই ছিনতাইকারী রিকশা থামিয়ে দা দিয়ে ভয় দেখিয়ে ব্যাগ ছিনিয়ে নেয়। বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
সোনাইমুড়িতে জুয়া নিয়ে কিশোরের আত্মহত্যা
সোনাইমুড়ির জয়াগ ইউনিয়নের মাহতলা গ্রামের এক কিশোর জুয়া খেলতে গিয়ে ঋণের টাকা পরিশোধ না করতে পেরে রোববার দুপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ওই কিশোর দীর্ঘদিন থাইল্যান্ড জুয়া খেলে অনেক দেনা হয়ে যায়। পারিবারিকভাবে দেনা পরিশোধ করার চাপ দেয় সে। জুয়ার ঋণের টাকা দিতে পরিবার অস্বীকার করলে ওই কিশোর আত্মহত্যা করে। সোনাইমুড়ি (নোয়াখালী) প্রতিনিধি
বরকলে গৃহবধূকে শ্লীলতাহানি, যুবক আটক
বরকলের ভুষণছড়া ইউনিয়নের এরাবুনিয়া এলাকায় গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে শনিবার এলাকাবাসীর সহায়তায় অভিযুক্ত মহসিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী গৃহবধূ বলেন, ঘটনার দিন পাশের ছড়ায় গোসল শেষে বাড়ি ফেরার পথে অসৎ উদ্দেশ্যে হঠাৎ তার শ্লীলতাহানির চেষ্টা করে প্রতিবেশী মহসিন। এ সময় চিৎকার করলে আমার শাশুড়িসহ আত্মীয়রা মহসিনের হাত থেকে উদ্ধার করেন। রাঙামাটি প্রতিনিধি








