গোলাপগঞ্জে বিদুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

গোলাপগঞ্জে শুক্রবার বিকালে পৌর এলাকার এমসি একাডেমির সামনে বিদ্যুৎস্পৃষ্টে নারীসহ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-সুনামগঞ্জের ছেংবিল এলাকার হোসেন আলীর ছেলে আব্দুর রহমান (৩৫) ও নেত্রকোনার তেলিহাটি এলাকার হলুদ মিয়ার স্ত্রী ঝরনা বেগম (৪৫)। মেশিন দিয়ে মাটি কাটছিলেন আব্দুর রহমান ও ঝরনা। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান তারা। গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি

চট্টগ্রামে শিশুকে ছুরিকাঘাত, গ্রেফতার ৩

চট্টগ্রাম নগরীতে তুচ্ছ ঘটনায় বিআরটিসি জামতলা বস্তি এলাকায় প্রতিবেশীর হামলায় গুরুতর আহত হয়েছে মোহাম্মদ দিয়ান নামে এক শিশু। এ ঘটনায় শুক্রবার রাতে তিনজনকে আটক করেছে পুলিশ। খেলাধুলার সময় শিশুটির মামা আজহারুল হকের সঙ্গে প্রতিবেশী নুরুন্নবীর তুচ্ছ বিষয়ে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে অভিযুক্ত ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করলে দিয়ানের শরীরে লাগে। চট্টগ্রাম ব্যুরো

মাতামুহুরিতে শিশু অপহরণের দায়ে যুবককে গণপিটুনি

মাতামুহুরির পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকায় শনিবার সকালে শিশুকে অপহরণচেষ্টার অভিযোগে সোহেল নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। অভিযুক্ত সোহেলের বাড়ি একই এলাকায়। শনিবার ভোরে সোহেল ঘরের দরজার ছিটকিনি খুলে একই এলাকার মোহাম্মদ এহেছানের মেয়েকে ঘুমন্ত অবস্থায় অপহরণের চেষ্টা করেন। চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

ফটিকছড়িতে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি

ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের ডলুপাড়া এলাকায় শুক্রবার রাতে লিটন দেবনাথ নামে পোলটি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। লিটন দেবনাথের বাড়ির উঠানের দিকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। লিটন বলেন, মুখোশ পরে এসে গুলি ছুড়লে আমি পড়ে যাওয়াতে আমার শরীরে লাগেনি। ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সাদুল্লাপুরে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদ

সাদুল্লাপুরের কামারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোনার ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগে শুক্রবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহিদুল বলেন, ফ্যাসিস্ট আ.লীগ নেতা আব্দুল খালেকসহ কয়েকজন আমার কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অপারগতা জানালে আমার ওপর হামলা করে। সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

আম্বালা ফাউন্ডেশনের ২১ লাখ টাকাসহ গ্রেফতার

দাগনভূঞা এনজিও আম্বালা ফাউন্ডেশন শাখার ২১ লাখ ৩০ হাজার ৫শ টাকা নিয়ে পালানো কর্মী এফতাদুল ইসলাম সোনাকে সাভার থেকে গ্রেফতার করেছে পুলিশ। ১৫ জুন বড় অঙ্কের টাকা নিয়ে এফতাদুল পালিয়ে যায়। এরপর ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার শাহাজাদা মিয়া ১৭ জুন থানায় মামলা করেন। তার কাছ থেকে ১৬ লাখ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়। দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি