ফুটন্ত মাড় দিয়ে গৃহবধূকে ঝলসে দিল ননদ
বাউফলের কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী গ্রামে শনিবার দুপুরে ফুটন্ত ভাতের মাড় শরীরে ঢেলে এক গৃহবধূকে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে আপন ননদের বিরুদ্ধে। আহত ওই গৃহবধূকে ঢাকার বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে পাঠানো হয়েছে। ঝলসে যাওয়া গৃহবধূ শারমিন বেগম কর্পূরকাঠী গ্রামের দুলাল প্যাদার স্ত্রী। অভিযুক্ত সালমা বেগম তার আপন ননদ। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
ভবানীপুর সীমান্তে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার
দুর্গাপুরের ভবানীপুর সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে শনিবার দুপুরে একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার হয়েছে। সীমান্তবর্তী একটি নালায় মাছ ধরতে গিয়ে স্থানীয় কয়েকটি শিশু কাদার নিচে মর্টার শেলটি দেখতে পায়। এরপর স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানালে একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি শনাক্ত করে। পরে নিরাপত্তার স্বার্থে সেটিকে বালুর বস্তা দিয়ে ঢেকে রাখা হয়। নেত্রকোনা প্রতিনিধি
বলেশ্বর নদীতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
জিয়ানগর ব্রিজ সংলগ্ন বলেশ্বর নদীতে ট্রলার থেকে পড়ে নিখোঁজের আট ঘণ্টা পর শনিবার সকালে মাহাবুব ব্যাপারি (৬০) নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মাহাবুব ব্যাপারির বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জের পূর্ব চন্ডিপুর গ্রামে। ‘মায়ের দোয়া’ নামে একটি ট্রলারে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে যাওয়ার প্রস্তুতিকালে পা পিছলে বলেশ্বর নদীতে পড়ে যান। পিরোজপুর প্রতিনিধি
দৌলতখানে উপজেলা চেয়ারম্যান মঞ্জুর গ্রেফতার
দৌলতখানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খানকে শনিবার রাতে রাজধানীর রামপুরা এলাকার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মঞ্জুর আলমের বিরুদ্ধে থানায় বিএনপি কার্যালয় ভাঙচুর ও চাঁদাবাজির মামলা রয়েছে। দৌলতখান (ভোলা) প্রতিনিধি








