জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ-সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব নিজেদেরই নিতে হবে। দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে। নির্বাচনের আগে আমরা জনগণকে বলেছিলাম, আমাদের ফ্রিতে ভোট দিন, আমরা ফ্রিতে সার্ভিস দেব। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা জনগণের পক্ষে কথা বলে যাচ্ছি। সোমবার পিরোজপুর শহরের জুলাই স্মৃতিস্তম্ভের সামনে পদযাত্রা কর্মসূচি শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, গত পাঁচ মাসে সংসদে কোনো রক্তচক্ষুকে ভয় পাইনি। মিডিয়া মাফিয়া, ভূমিখেকো, ব্যাংক ডাকাত ও ভোটচোরদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলে যাচ্ছি। আগে এস আলম ব্যাংক ও দেশের সম্পদ লুট করেছে, কেউ বিদ্যুৎ খাতে দুর্নীতি করেছে। জনগণের সম্পদ লুটের এই সংস্কৃতি বন্ধ করতে হবে।

সমাবেশে আরও বক্তৃতা করেন এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান, জেলা এনসিপির আহ্বায়ক হুমায়ুন কবির, পিরোজপুর-৩ আসনের এনসিপির সংসদ-সদস্য প্রার্থী শামীম হামিদী প্রমুখ।