রাজধানীর যাত্রাবাড়ীতে নিজ বাসার সামনে এক তরুণকে কিলঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় রায়েরবাগের খানবাড়ির মোড়ে এ হামলা চালানো হয়। পরে ওই তরুণকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তরুণের নাম রিফাত মৃধা (১৮)। তিনি পটুয়াখালীর দশমিনা উপজেলার চানপুরা গ্রামের হাসেম মৃধার ছেলে। তিনি পরিবারের সঙ্গে খানবাড়ির মোড়ে ভাড়া বাসায় থাকতেন এবং একটি কার্টন কারখানায় কাজ করতেন।
রিফাতের বাবা হাসেম মৃধা বলেন, ‘আমার ছেলে সন্ধ্যায় বাসার সামনের রাস্তায় বসেছিল। ওই সময় প্রতিবেশী শাকিল নামের এক যুবক এসে তাকে বলে, এখানে বসে কী করছিস? গাঁজা খাবি না কি? উত্তরে রিফাত বলে, আমি গাঁজা খাই না, গাঁজা খাস তোরা। এই জবাবের পরপরই শাকিল তাকে গালিগালাজ ও মারধর শুরু করে। তখন বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পর শাকিল আবার এসে রিফাতকে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মারতে থাকে। এতে রিফাত ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেললে শাকিল পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে আমার ছেলেকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।‘
আরও পড়ুন
বিদ্যুৎস্পৃষ্টে ওয়ার্কশপ মিস্ত্রির মৃত্যু
হাসেম মৃধা জানান, শাকিল ও তার মা পাশাপাশি বাড়িতে ভাড়া থাকেন। ঘটনার পর বাড়িতে তালা দিয়ে শাকিল ও তার পরিবার পালিয়ে গেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
কেএজেডআইএ/একিউএফ








