জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় যোগ দিতে মঙ্গলবার (২১ জুলাই) নীলফামারী যাচ্ছেন দলের চার কেন্দ্রীয় নেতা।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক আবু সাঈদ লিওন।

তিনি বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মঙ্গলবার দুপুর ২টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে নীলফামারীর জলঢাকায় পৌঁছাবেন। সেখান থেকে জলঢাকা পেট্রোল পাম্প এলাকায় এসে জুলাই পদযাত্রায় যোগ দেবেন। পদযাত্রাটি জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে পৌঁছাবে। সেখানে পরে বক্তব্য দেবেন এই কেন্দ্রীয় চার নেতা।

আরও পড়ুন

নাহিদ ইসলাম / আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে

আবু সাঈদ লিওন জানান, পরে বিকেল ৫টার দিকে নীলফামারী সদর উপজেলায় পদযাত্রায় যোগদান এবং কেন্দ্রীয় শহীদ মিনারে বক্তব্য দেবেন নেতারা। সেখানে কর্মসূচি শেষ করে তারা লালমনিরহাট সফরে যাবেন।

এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, নিরাপত্তার জন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে গোয়েন্দা শাখার সদস্য ও অতিরিক্ত পুলিশ মোতায়ন থাকবে। যাতে কোনো প্রকার আইনশৃঙ্খলার অবনতি না ঘটে।

আমিরুল হক/একিউএফ