রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্থাপিত দোকান ও গাড়ি মেরামতের স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-ওয়ারী বিভাগ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
সোমবার (২০ জুলাই) রাতে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে সায়েদাবাদ বাস টার্মিনালের প্রধান প্রবেশপথ ও টার্মিনালের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে গড়ে তোলা মোট ১৬টি দোকান উচ্ছেদ করা হয়।
আরও পড়ুন
কুমিল্লা / তিন দশক পর সরলো টমছমব্রিজ সড়কের গলার কাঁটা
অভিযান চলাকালে অবৈধ স্থাপনা অপসারণের মাধ্যমে টার্মিনালের গুরুত্বপূর্ণ স্থানগুলো দখলমুক্ত করা হয়। এতে যাত্রী ও যানবাহনের চলাচলের জন্য প্রবেশপথ এবং অভ্যন্তরীণ সড়ক আরও উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
নিয়াজ মেহেদী আরও জানান, রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ এলাকায় যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থ রক্ষায় এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
টিটি/একিউএফ








