প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেছেন, বিচারপ্রার্থীরা আল্লাহর পর তাদের আইনজীবীর ওপর সবচেয়ে বেশি ভরসা করেন। কিন্তু অনেক সময় দেখা যায়, তারা প্রয়োজনীয় প্রস্তুতি ছাড়া আদালতে হাজির হন।
সোমবার (২০ জুলাই) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদ্য প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের কর্মজীবন স্মরণে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান বিচারপতি বলেন, ‘আইনজীবীদের মধ্যে পেশার প্রতি নিষ্ঠার অভাব দেখছি। একজন আইনজীবী হাতে যে মামলা নেন, এর প্রতি তার দায়বদ্ধতা থাকতে হবে।’
তিনি আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘আপনারা যেন কেবল সেই পরিমাণ মামলা গ্রহণ করেন, যেগুলোর প্রতি যথাযথ সময়, প্রস্তুতি ও মনোযোগ দিতে সক্ষম হবেন। কারণ, তিনি আপনাকে পেশাগতভাবে নিয়োগ করেছেন। তার প্রতি সুবিচার করা আপনার আইনি ও নৈতিক দায়িত্ব।’
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেন, বিচারকরা বিচার করবেন, কিন্তু তার আগে মামলাটি সঠিকভাবে আদালতে উপস্থাপন করা আইনজীবীর দায়িত্ব।
আরও পড়ুন
সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন
মুহাম্মদ জমির উদ্দিন সরকারকে প্রধান বিচারপতি একজন চমৎকার ভদ্রলোক, স্বল্পভাষী ও সুসজ্জিত ব্যক্তি হিসেবে বর্ণনা করেন।
তিনি বলেন, ‘জমির উদ্দিন সরকার যে মামলাই গ্রহণ করতেন, তা অত্যন্ত দায়বদ্ধতা নিয়ে পরিচালনা করতেন এবং মামলার মেরিট সম্পর্কে আদালতকে সন্তুষ্ট করতে সর্বোচ্চ চেষ্টা করতেন। এই বৈশিষ্ট্য, এই গুণাবলী, আমি বলার জন্য দুঃখিত যে, আজ এর অভাব দেখছি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার মো. কায়সার কামাল, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হক, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদল, সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী এবং জমির উদ্দিন সরকারের মেয়ে নিলুফার আখতার জমির।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সম্পাদক মোহাম্মদ আলী। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং সুপ্রিম কোর্ট বারের সহ-সম্পাদক মো. মাকসুদ উল্লাহসহ সিনিয়র ও জুনিয়র কয়েক শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
এফএইচ/একিউএফ








