প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনের মিত্রদের মধ্যে ৪১ দলের ১৮৪ জনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ অনুষ্ঠান হয়। নৈশভোজের মেনুতে ছিল সবজি, সাদা ভাত, বুটের ডাল, মুরগির মাংস ও দই।

বিএনপি নেতা ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, বারো দলীয় জোটের আমিনুল ইসলাম ও বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব আব্দুল মতিন সউদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা নৈশভোজ নিয়ে ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করেন। একই সঙ্গে জানান, প্রধানমন্ত্রীও শরিক নেতাদের মতো একই মেনুতেই নৈশভোজ সম্পন্ন করেছেন।

আরও পড়ুন

শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: তারেক রহমান

নৈশভোজে শরিক নেতাদের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, সহ-সভাপতি বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান ও আবদুল আউয়াল মিন্টুসহ বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বুফে থেকে দাঁড়িয়ে শরিক নেতাদের সঙ্গে খাবার নেন। পরে তিনি তাদের কয়েকজনের সঙ্গে একই টেবিলে বসে নৈশভোজ করেন। ওই টেবিলে ছিলেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, বিজেপির আন্দালিব রহমান পার্থ, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, ফরিদুজ্জামান ফরহাদ, গণফোরামের সুব্রত চৌধুরী এবং ভাসানী জনশক্তি পার্টির শেখ রফিকুল ইসলাম বাবলু।

কেএইচ/একিউএফ