রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হতে পারেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। ওই ঘটনায় তাঁর সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, ইনু তথ্যমন্ত্রী থাকার সময় হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে হত্যাকাণ্ড সংঘটিত হয়। অনুসন্ধানে জানা গেছে, তৎকালীন প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে দিগন্ত টেলিভিশন এবং ইসলামিক টেলিভিশনের সরাসরি সম্প্রচার বন্ধ করা হয়। ওই রাতে ইসলামিক টেলিভিশনের অফিসে ভাঙচুরও করা হয়। শেখ হাসিনার পুরো আমলে ওই দুটি টেলিভিশনের সম্প্রচার বন্ধ ছিল।
আমিনুল ইসলাম আরও বলেন, তথ্যমন্ত্রী হিসেবে হাসানুল হক ইনু শাপলা চত্বরের হত্যাকাণ্ড গোপন করার জন্য এবং আলামত নষ্ট করার জন্য দুটি টেলিভিশনের সরাসরি সম্প্রচার বন্ধ করে দেন। ইনু শাপলা চত্বর হত্যাকাণ্ডে সহযোগিতা করেন। প্রাথমিকভাবে ইনুর বিরুদ্ধে যে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে, তাতে তিনি এই মামলায় আসামি হতে পারেন।
এ দিকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গত মঙ্গলবার ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে তাঁর সাজা যথাযথ না হওয়ায় আপিল করার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর।








