জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে সভাপতি করে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব কমিটি গঠন করা হয়েছে।
আজ বুধবার জাতীয় সংসদে সংসদ নেতা তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম এ কমিটি গঠনের প্রস্তাব তোলেন। পরে তা সর্বসম্মতিতে গৃহীত হয়।
এখন পর্যন্ত চলতি সংসদে ৯টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে এই একটি কমিটির সভাপতি করা হয়েছে বিরোধী দল থেকে। এর আগে গত দ্বাদশ ও একাদশ জাতীয় সংসদেও গুরুত্বপূর্ণ এ কমিটির সভাপতি ছিল বিরোধী দল থেকে।
জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় যে চারটি সংসদীয় কমিটির সভাপতি বিরোধী দল থেকে দেওয়ার বিষয়ে ঐকমত্য হয়েছিল, তার একটি ছিল সরকারি হিসাব কমিটি।
চলতি সংসদে এই কমিটির সদস্যরা হলেন বিএনপির সংসদ সদস্য আমানউল্লাহ আমান (ঢাকা-২), এ বি এম আশরাফ উদ্দিন নিজান (লক্ষ্মীপুর-৪), এ কে এম ফজলুল হক মিলন (গাজীপুর-৫), মোহাম্মদ হাফিজ ইব্রাহিম (ভোলা-২), এ এম মাহবুব উদ্দিন খোকন (নোয়াখালী-১), মোহাম্মদ জালালউদ্দিন (চাঁদপুর-২), মো. মাহবুবুর রহমান (ময়মনসিংহ-৭), এস কে আজিজুল বারী হেলাল (খুলনা-৪), মোহাম্মদ মনজুরুল ইসলাম (দিনাজপুর-১), ফজলে হুদা (নওগাঁ-৩), মোহাম্মদ জাকির হোসেন (ময়মনসিংহ-৫), জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদিন (ঢাকা-৪), মো. রুহুল আমিন (চুয়াডাঙ্গা-২) ও মোহাম্মদ আনোয়ারুল ইসলাম (কুড়িগ্রাম-১)।








