নরসিংদীর জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া বলেছেন, ‘বর্তমান সরকার জনগণের সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। জনগণের সেবা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অবশ্যই অফিস সময়সূচি মেনে চলতে হবে। সরকারি চাকরিজীবীদের সময়মতো অফিসে উপস্থিত থাকতে হবে, কেউ কর্মস্থলে অনুপস্থিত থাকতে পারবেন না।’সোমবার (২৯ জুন) বেলা ১২টায় শিবপুর উপজেলা পরিষদের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক আরও বলেন, জনগণ সেবা নিতে এসে যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেদিকে খেয়াল রেখে কাজ করতে হবে। বিশেষ করে হাসপাতালগুলোতে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে হবে।একই দিন জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নতুন অফিস উদ্বোধন করেন। পরে তিনি উপজেলা ভূমি অফিস ও শিবপুর মডেল থানা পরিদর্শন করেন। এ ছাড়া তিনি স্থানীয় কৃষকদের মধ্যে কৃষি উপকরণ, বিভিন্ন স্কুলে খেলাধুলার সামগ্রী, দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেন।মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মু. আব্দুর রহিম, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া, উপজেলা প্রকৌশলী পিন্টু চন্দ্র বন্দ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম।