সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার একটি মাছের ঘেরের সামনে থেকে সনজিব সরকার (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১ জুলাই) ভোরে উপজেলার ঠেকরা-দক্ষিণশ্রীপুর খেজুরতলা সড়কের বড় খালের মাথা সংলগ্ন একটি মাছের ঘেরের সামনে থেকে তার মরদেহ উদ্ধার হয়। তিনি ঠেকরা রহিমপুর গ্রামের গোপাল চন্দ্র সরকারের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (৩০ জুন) রাত ৮টার দিকে সনজিব তার বাবার সঙ্গে বাড়ি থেকে বের হন। রাত ১০টার দিকে তার বাবা বাড়িতে ফিরে এলেও সনজিব আর ফেরেননি। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তার কোনো খোঁজ না মেলায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। ভোরের দিকে স্থানীয়রা মাছের ঘেরের সামনে সনজিবের মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে বিষয়টি জানায়।

এলাকাবাসীর ভাষ্য, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়; বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগ, দুর্বৃত্তরা অন্যত্র সনজিবকে হত্যা করে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য রাতের কোনো এক সময় মরদেহ মাছের ঘেরের সামনে ফেলে রেখে যায়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি ) শহীদুল ইসলাম জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তে অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।