সাতক্ষীরা সদরে মাইক্রোবাস চালক সুমনের (৩৫) লাশ একটি মৎস্য ঘের থেকে উদ্ধার হয়েছে। রাতে রহস্যজনক ফোনকল পেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি বাড়ি ফিরেননি। পরদিন সকালে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বিভিন্ন আলামতকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। জানা যায়, নিহত সুমন সদর উপজেলার কৈখালী গ্রামের আব্দুল হামিদের ছেলে। রোববার রাতে ফোনকল পেয়ে সুমন বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে সোমবার সকালে সদরের মাগুরা-কৈখালী বিল এলাকার কেসমত আলীর মৎস্য ঘেরে তার লাশ পাওয়া যায়।
স্থানীয় সূত্র জানায়, সকালে কেসমত আলী টঙঘরের বাতি বন্ধ করতে গিয়ে পানিতে লাশটি ভাসতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের সময় সেখান থেকে বিদ্যুতের কাটা তার, লোহা কাটার দুটি ব্লেড, একটি সিমবিহীন বাটন মোবাইল ফোন ও একটি সিগারেটের প্যাকেটসহ কয়েকটি আলামত জব্দ করে। ওসি মাসুদুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।








