কান্ট্রি মিউজিকের দুনিয়ায় অন্যতম সফল নাম শানায়া টোয়েইন। ষাট বছর বয়সি এ ‘তরুণ’ ক্যানাডিয়ান শিল্পীর সপ্তম অ্যালবামটি মুক্তি পাচ্ছে ২৪ জুলাই। ‘লিটল মিস টোয়েইন’ শিরোনামের এ অ্যালবামে থাকছে মোট ১৫টি গান। এ অ্যালবামে তার সঙ্গে দুটি গানে কণ্ঠ দিয়েছেন তানিয়া টাকার ও জশ হোমে। সপ্তাহ দুই আগে শিরোনামের গানটি ইউটিউবে মুক্তি পেয়েছে গানটির ভিডিও। পড়ন্ত বেলায় এসে ছোটবেলার স্মৃতি, মায়ের উৎসাহ এবং শৈশবের নানা অভিজ্ঞতা তুলে ধরা হয় এ গানে। এরইমধ্যে গানটির ভিউ হয়েছে ৫৭ হাজার। অ্যালবামের অন্য গানগুলোর মধ্যে রয়েছে-ডার্টি রোজি, ফেডেড ব্লু জিন্স, স্ট্রেঞ্জার থিংস, রাইট টাইম, কুইট মাই লাইফ, প্রব্লেমেটিক, স্কেয়ারি থিংস, আই উড বি লাভিং মি, নর্দার্ন টাউন, দ্যাট্স দ্য মানি, ডাউন দ্য মিড্ল, টেইক ইট টু দ্য রিভার, নিউ লাভ, রকর্স্টাস।

১০০ মিলিয়নেরও বেশি রেকর্ড বিক্রি করা শিল্পীর নাম শানায় টোয়েইন-যা তাকে সর্বকালের অন্যতম সর্বাধিক বিক্রিত সংগীতশিল্পী এবং কান্ট্রি মিউজিকের ইতিহাসে সর্বাধিক বিক্রিত নারী শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত করেছে। তিনি ‘কুইন অব কান্ট্রি পপ’সহ বেশ কয়েকটি উপাধি পেয়েছেন। বিলবোর্ড তাকে ১৯৯০-এর দশকের কান্ট্রি পপ ক্রসওভার তারকাদের নেত্রী হিসাবে আখ্যায়িত করেছে।

১৯৯৩ সালে প্রকাশিত প্রথম অ্যালবামটি ব্যর্থ হলে ১৯৯৫ সালে তার ক্যারিয়ারের দ্বিতীয় স্টুডিও অ্যালবাম ‘দ্য ওয়াম্যান ইন মি’ প্রকাশের পর বিশ্বব্যাপী তার নাম ছড়িয়ে পড়ে। এটি ২০ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছিল, ‘অ্যানি ম্যান অফ মাইন’সহ আটটি গান তাকে গ্র্যামি অ্যাওয়ার্ড এনে দিয়েছিল। পরের অ্যালবাম ‘কাম অন ওভার’ বিশ্বব্যাপী ৪০ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে-যা এটিকে একজন মহিলা একক শিল্পীর সর্বাধিক বিক্রিত স্টুডিও অ্যালবাম, সর্বাধিক বিক্রিত কান্ট্রি অ্যালবাম, একজন কানাডিয়ানের সর্বাধিক বিক্রীত অ্যালবাম এবং সর্বকালের অন্যতম সর্বাধিক বিক্রিত অ্যালবামে পরিণত করেছে। এ অ্যালবাম দিয়ে চারটি গ্র্যামি জিতেছিলেন তিনি।

‘ইউ আর স্টিল দ্য ওয়ান. শানায়ার ক্যারিয়ারের অন্যতম সেরা ও জনপ্রিয় রোম্যান্টিক গান। ১৬ বছরে গানটি স্ট্রিমিং হয়েছে ৩৭৬ মিলিয়নেরও বেশি। নারীদের ক্ষমতায়ন ও দারুণ এনার্জিতে ভরপুর তার সবচেয়ে আইকনিক একটি গান ‘ম্যান! আই ফিল লাইক আ ওয়াম্যান’। এটির ভিউ সংখ্যা আরও বেশি। একইসময়ে এটি স্ট্রিমিং হয়েছে ৫৪১ মিলিয়ন। তার গাওয়া বিশ্ববিখ্যাত পপ-কান্ট্রি ঘরানার একটি অন্যতম জনপ্রিয় ট্র্যাক হচ্ছে ‘দ্যাট ডোন্ট ইমপ্রেস মি মাচ’। এটির ভিউ সংখ্যা ১৪১ মিলিয়ন। ‘ফ্রম দিস মোমেন্ট অন’ শানায়ার আবেগঘন এবং অত্যন্ত জনপ্রিয় একটি প্রেমের গান-যেটির ভিউসংখ্যা ৩৯৫ মিলিয়ন। কান্ট্রি মিউজিকের ইতিহাসে তার অন্যতম সফল ও ব্রেকথ্রু গানটি হচ্ছে ‘এনি ম্যান অব মাইন’। এটি ইউটিউবে ভিউ হয়েছে ২৩৫ মিলিয়ন। ‘ফরএভার অ্যান্ড ফর অলওয়েজ’ হচ্ছে ভালোবাসা উদযাপনের জন্য শ্রোতাদের কাছে অত্যন্ত জনপ্রিয় গান। এ গানের ভিডিও ভিউ হয়েছে ১৭১ মিলিয়ন।