সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আখাউড়ার হানিফ মিয়া (২৫) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। হানিফ উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের মাঝিগাছার হিরণ মিয়ার ছেলে। শুক্রবার রাত বাংলাদেশ সময় পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন নিহত যুবকের চাচা বেলাল হোসেন।

নিহত হানিফের পরিবারের সদস্যরা জানান, প্রায় ছয় বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে পারি জমান হানিফ। সেখানে মক্কার একটি হাসপাতালে ক্লিনারের কাজ করতেন। কয়েক দিন আগে তার দাদি মারা যাওয়ায় দাদির নামে ওমরা আদায় করতে যান হানিফ। ওমরা শেষে তিন বাংলাদেশি সহকর্মীকে সঙ্গে নিয়ে কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। স্বজনরা জানান, দুই ভাই ও চার বোনের মধ্যে হানিফ ছিলেন পরিবারে সবার বড়। এক মাস পর দেশে ফিরে বিয়ে করার কথা ছিল। এ জন্য পরিবারের সদস্যরা পাত্রীও দেখছিলেন। কিন্তু সেই অপেক্ষা এখন পরিণত হয়েছে বিষাদে। তার লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন নিহত হানিফের আত্মীয়স্বজনরা।