কোরআন ও হাদিসে জিন ও শয়তানের অস্তিত্ব সন্দেহাতীতভাবে স্বীকৃত। তবে স্বপ্নে তাদের দেখা মানেই বাস্তবে এর প্রভাব পড়েছে—এমন ধারণার কোনো ভিত্তি নেই। প্রাচীন মুসলিম স্বপ্ন-ব্যাখ্যাকারীরা বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী স্বপ্নে জিন-শয়তান দেখার সম্ভাব্য ভিন্ন ভিন্ন ব্যাখ্যা তুলে ধরেছেন।

কেউ যদি স্বপ্নে নিজেকে জিনে রূপান্তরিত হতে দেখেন, তাহলে তা তাঁর কৌশলী বা প্রবঞ্চনাপূর্ণ স্বভাবের ইঙ্গিত হতে পারে। আবার স্বপ্নে জাদুকর বা জিন-সম্পর্কিত দৃশ্য দেখা অনেক ক্ষেত্রে প্রতারণা ও ধোঁকাবাজির প্রতীক। স্বপ্নে যদি দেখা যায় যে মানুষ জিনকে কোরআন শিক্ষা দিচ্ছে বা জিন তার কাছ থেকে কোরআন শিখছে, তাহলে তা সম্মান, নেতৃত্ব কিংবা মর্যাদা লাভের সম্ভাব্য লক্ষণ।

যদি কেউ স্বপ্নে নিজের বাড়ির আশপাশে জিনকে অবস্থান করতে দেখেন, তাহলে তা তিনটি সম্ভাব্য বিষয়ের দিকে ইঙ্গিত করতে পারে—১. কোনো ক্ষতি বা লোকসান। ২. কোনো বিপদ-আপদ। ৩. এমন কোনো মানত, যা এখনো পূরণ করা হয়নি। আবার কেউ যদি দেখেন, জিন তাঁর ঘরে প্রবেশ করেছে বা সেখানে কাজ করছে, তাহলে তা চোর-ডাকাত কিংবা দুর্বৃত্তের অনুপ্রবেশের প্রতীক।

শয়তান মূলত মানুষের জন্য শত্রুতার প্রতীক। কেউ যদি স্বপ্নে শয়তানকে অনুসরণ করতে দেখেন, তবে তা প্রবৃত্তির অনুসরণ, প্রতারণার শিকার হওয়া বা ভুল পথে পরিচালিত হওয়ার ইঙ্গিত হতে পারে। আবার শয়তানকে নিজের অনুসারী বা অনুগত অবস্থায় দেখা শত্রুর ওপর প্রভাব বিস্তার বা প্রতিপক্ষের মোকাবিলায় সফলতার ইঙ্গিত। আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ বা বন্দী করতে দেখা শত্রুর ওপর বিজয়ের সম্ভাব্য লক্ষণ।

শয়তান যদি স্বপ্নে মানুষকে কুমন্ত্রণা দেয়, তবে তা মিথ্যা, অপবাদ বা পাপের প্রতি প্রলুব্ধ হওয়ার সতর্কবার্তা হতে পারে। পক্ষান্তরে কেউ যদি স্বপ্নে শয়তানের অনিষ্ট থেকে নিরাপদ থাকেন বা শয়তান তার কাছ থেকে পালিয়ে যায়, তাহলে তা দ্বীনের দৃঢ়তা ও আল্লাহর হেফাজতের প্রতীক।

তথ্যসূত্র: ইবনে সিরিন, তাফসিরুল আহলাম: ৯০-৯১, আল-মাকতাবাতুত তাওফিকিয়্যাহ, কায়রো