সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তীব্র প্রতিক্রিয়া ও কঠোর মন্তব্য প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, "ইদানিং শুনছি যে ছাত্র-জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নাকি আবার দেশে ফেরার কথা বলছেন।" শেখ হাসিনার ফিরে আসার ইচ্ছা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, "তিনি আসবেন ভালো কথা কিন্তু আমার কথা হচ্ছে যে একজন মানুষ কত নির্লজ্জ/বেহায়া হলে তার সকল কৃত কর্মকে (গণহত্যা, গুম, খুন, দুর্নীতি, গণতন্ত্র কবর, নিজ স্বার্থে মুক্তিযুদ্ধের চেতনাকে অপব্যবহার করা, দেশ এবং মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা, আওয়ামী লীগ কে ধ্বংস করা, দুর্নীতি/লুটপাট করে লক্ষ্য লক্ষ্য কোটি টাকা বিদেশে পাচার করা) অস্বীকার করে মানুষকে এবং দলকে বিভ্রান্ত করে এখন ফিরে আসার অবাস্তব স্বপ্ন দেখাচ্ছেন।" নিজের ভুল স্বীকার না করে শেখ হাসিনা দল ও দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। ইতিহাসের উদাহরণ টেনে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচারদের ফিরে আসা অসম্ভব। তিনি উল্লেখ করেন, "ইতিহাস বলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত স্বৈরাচারের আবার ফিরে আশা এবং ক্ষমতা ফিরে পাওয়া প্রায় অসম্ভম I পৃথিবীর ইতিহাসে ৩ জন সফল ভাবে ফিরে আসতে পেরেছিলেন: ১৯৫০ সালে ব্রাজিলের গুইতালিও ভার্গাস, দ্বিতীয় হচ্ছে ৭০৫ সালে বিজান্টিন সম্রাট জাস্টিনিয়ান (২য়) এবং (১৮৩৩-৫৫) মেক্সিকোর এন্টোনিও লোপেজ ডি সান্টা আনা I উল্লেখ্য এদের সবাইকে সামরিক অভ্যুথানে ক্ষমতাচ্যুত করা হয় জনগণের স্বতঃর্স্ফূর্ত গণঅভুত্থানের মাধ্যমে না I" সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জনগণ আন্দোলন করে তাড়িয়েছে উল্লেখ করে পোস্টে বলা হয়, "সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ একটি গণঅভুত্থানের মাধ্যমে উত্খাত করে এবং তিনি বাধ্য হন পালিয়ে যেতে।" বিগত আন্দোলনে ঘটে যাওয়া হতাহতের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, "ভুলে গেলে চলবে না যে তার সরাসরি নির্দেশে শিশু সহ শত শত মানুষকে হত্যা করা হয়, ৬০০ মানুষ অন্ধ হয়ে যায় এবং হাজার হাজার নিরীহ মানুষ পঙ্গু হয়।" সবশেষে সোহেল তাজ হুঁশিয়ারি দিয়ে বলেন, শেখ হাসিনা দেশে ফিরলেও ক্ষমতায় যেতে পারবেন না, তাকে সরাসরি জেলে যেতে হবে।
রাজনীতি
শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন সোহেল তাজ

শেয়ার করুন







