গোলও করেছেন তিনি। আবার লাল কার্ডও দেখেছেন তিনি। আজ সকালে যাঁরা যুক্তরাষ্ট্র-বসনিয়া ম্যাচ দেখেছেন, তাঁরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখানে ফোলারিন বালোগানের কথা বলা হচ্ছে। সানফ্রান্সিসকোতে আজ বসনিয়াকে হারিয়ে শেষ ষোলোর টিকিট কাটল ১০ জনের যুক্তরাষ্ট্র।

তিন দেশ নিয়ে চলমান ২০২৬ ফুটবল বিশ্বকাপের দুই সহ-আয়োজক মেক্সিকো, কানাডা আগেই উঠে গেছে শেষ ষোলোতে। আজ বিশ্বকাপের মূল আয়োজক যুক্তরাষ্ট্রও হেঁটেছে মেক্সিকো-কানাডার পথেই। সানফ্রান্সিসকোতে বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠল যুক্তরাষ্ট্র।

ম্যাচের ১০ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বসনিয়ার সামনে। দলটির ফরোয়ার্ড এডিন জেকো তাঁর সতীর্থ এরমেদিন দেমিরোভিচকে পাস দিয়েছেন। দেমিরোভিচ যুক্তরাষ্ট্রের রক্ষণদুর্গ ভেদ করে এগিয়ে গেলেও স্বাগতিক গোলরক্ষক ম্যাট ফ্রেস তা প্রতিহত করেছেন। কর্নার পেয়েও অবশ্য বসনিয়া তা কাজে লাগাতে পারেনি।

৩১ মিনিটে গোলও পেয়েছিল যুক্তরাষ্ট্র। ওয়েস্টন ম্যাকেনির পাস ধরে বালোগান বোকা বানিয়েছিলেন বসনিয়া গোলরক্ষক নিকোলা ভাসিল্ইকে। কিন্তু বল জালে জড়ালেও অফসাইড জটিলতায় গোল বাতিল হয়ে যায়। গোল বাতিল হয়েও তাতে দমে যাননি বালোগান। ৪৫ মিনিটে বসনিয়ার ফুটবলারদের ভুল পাসের সুযোগ কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র ফরোয়ার্ড ঢুকে যান প্রতিপক্ষের রক্ষণদুর্গে। আলতো ছোঁয়ায় বল জালে জড়িয়ে স্বাগতিকদের ১-০ গোলের লিড এনে দেন।

প্রথমার্ধের শেষভাগে এসে ব্যবধান বাড়ানোর চেষ্টা করে যুক্তরাষ্ট্র। তবে তা বসনিয়ার গোলপোস্টে লেগে প্রতিহত হয়। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকেরা। এগিয়ে থাকা যুক্তরাষ্ট্রের দুঃসংবাদ পেতে বেশি সময় লাগেনি। ৬৪ মিনিটে বসনিয়ার এক ডিফেন্ডারকে ট্যাকল করতে গিয়ে তাঁর গোড়ালিতে পাড়া দেন বালোগান। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে যাচাই-বাছাই করার পর যুক্তরাষ্ট্র ফরোয়ার্ডকে দেখানো হয় লাল কার্ড।