মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রামে চীনা মালিকানাধীন একটি কারখানার শ্রমিকরা সরকারি গেজেট অনুযায়ী বেতন-ভাতা প্রদান, শ্রমিক ছাঁটাই বন্ধ ও কর্মকর্তাদের অসদাচরণের প্রতিবাদে ঢাকা-আরিচা (পাটুরিয়া) মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বুধবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির ফলে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী, পরিবহণ শ্রমিক ও জরুরি সেবার যানবাহনের যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। সূত্র জানায়, নবগ্রামের চীনা মালিকানাধীন হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার প্রায় ৩০০ শ্রমিক কারখানা থেকে বের হয়ে মহাসড়কে অবস্থান নেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি গেজেট অনুযায়ী মজুরি দেওয়া হচ্ছে না, জীবনযাত্রার ব্যয় বাড়লেও বেতন সমন্বয় করা হয়নি। সম্প্রতি কয়েকজন শ্রমিককে অন্যায়ভাবে ছাঁটাই করা হয়েছে এবং কয়েকজন কর্মকর্তার দুর্ব্যবহারে শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এদিকে অবরোধের খবর পেয়ে ইউএনও মনিষা রানী কর্মকার, ওসি মো. আমিনুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। পরে বেলা পৌনে ১টার দিকে দাবির বিষয়ে আলোচনার আশ্বাস পেয়ে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গিয়ে পাশে অবস্থান নেন। কারখানার সহকারী ব্যবস্থাপক আল মামুন হোসেন বলেন, শ্রমিকদের দাবির বিষয়ে প্রশাসন, পুলিশ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে। ওসি মো. আমিনুল ইসলাম জানান, সরকার নির্ধারিত মজুরির দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছিলেন। প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেন।