সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬৪ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ ও ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে বিজিবি। বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির বাংলাবাজার, লাফার্জ, বিছনাকান্দি, সোনারহাট, প্রতাপপুর, পাš’ুমাই ও শ্রীপুরসহ বেশ কয়েকটি বিওপি এই অভিযানে অংশ নেয়। অভিযানে ভারতীয় মহিষ, টমেটো, ফেনসিডিল, চকলেট, জিলেট ব্লেড এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করার পাশাপাশি মাদকসহ দুজনকে আটক করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় বড় একটি শিং মাছের চালান, রসুন, সুপারি এবং অবৈধ বালু-পাথর পরিবহণে ব্যবহৃত বারকী নৌকাও জব্দ করা হয়। আটককৃত চোরাচালানের মালামালের আনুমানিক মূল্য ৬৪ লাখ ৪৬ হাজার টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক।








