সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় গুলিতে মিনহাজ উদ্দিন (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট স্টেশনসংলগ্ন এলাকায় তাকে গুলি করা হয়।
নিহত মিনহাজ উদ্দিন গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের বাসিন্দা কমর উদ্দিনের ছেলে। স্থানীয়দের ভাষ্য, তিনি সীমান্ত দিয়ে ভারত থেকে বিভিন্ন পণ্য এনে বাংলাদেশে বিক্রি করতেন। তবে ঘটনার সময় তিনি কেন সীমান্ত অতিক্রম করেন, সেই বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, রাতে মিনহাজ উদ্দিন সোনারহাট-লাখাট সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করলে লাখাট স্টেশনের কাছাকাছি এলাকায় খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। সিলেটে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পশ্চিম জাফলং ইউনিয়নের সদস্য কামাল উদ্দিন জানান, খবর পেয়ে তারা নিহতের বাড়িতে যান এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশ ও বিজিবিকে অবহিত করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, সীমান্তে খাসিয়াদের গুলিতে এক যুবকের নিহত হওয়ার খবর পেয়ে থানার সেকেন্ড অফিসার তানভীর ফায়াজের নেতৃত্বে পুলিশের দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, মিনহাজ উদ্দিন ভারতের সীমান্তের প্রায় এক কিলোমিটার ভেতরে প্রবেশ করেন। সেখানে চুরি কিংবা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে যাওয়ার সময় খাসিয়াদের গুলিতে তিনি আহত হন বলে ধারণা করা হচ্ছে। পরে তাকে বাংলাদেশে নিয়ে আসা হলে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
তিনি আরও বলেন, ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় অনুসন্ধান অব্যাহত রয়েছে।








