কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে আনা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২২৬ ফ্লাইটে মরদেহগুলো সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

জানা গেছে, বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে মরদেহ দেশে পাঠানো হয়। বিমানবন্দরে পৌঁছানোর পর আনুষ্ঠানিকভাবে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান।

নিহত পাঁচজনই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। তারা হলেন- গাছবাড়ী গ্রামের আবদুল কাদির, মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান ও জুবায়ের আহমেদ, আগাতালুক গ্রামের জসিম উদ্দিন এবং আমরপুর গ্রামের জিবাল আহমেদ।

সিলেটে পৌঁছালো কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মরদেহবাহী বিমানটি সোমবার রাতে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মঙ্গলবার সকালে এটি সিলেটে অবতরণ করে।

দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ মাশহুদুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে মরদেহ দেশে পাঠানোর সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

গত ২১ জুন, কাতারের শাহানিয়া এলাকায় ঘটে যাওয়া এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ওই পাঁচ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর কাতারে বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে এবং মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা নেয়।

আহমেদ জামিল/কেএইচকে/এএসএম