ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালক একেন মোল্লা মারা গেছেন।

সোমবার (২৯ জুন) রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আওয়ালের সমর্থকদের সঙ্গে সাধারণ সম্পাদক জামির হোসেনের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। গত বৃহস্পতিবার জামির হোসেনের সমর্থক এনা শেখকে ইয়াবাসহ আটক করে পুলিশ। তথ্য দিয়ে ধরিয়ে দিয়েছে এমন অভিযোগ এনে আব্দুল আওয়ালের সমর্থক মতিয়ারের ওপর হামলা করে জামিরের লোকজন। আওয়ালের লোকজন জামিরের অফিসে হামলা চালায়। এরই জেরে শনিবার সকালে জামিরের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আওয়ালের লোকজনের ওপর ও তাদের বাড়িতে হামলা করে। 

এলাকাবাসী জানান, হামলার সময় পাঁচটি বাড়ি ভাঙচুর করা হয়। আহত হন বগুড়া গ্রামের একেন মোল্লা নামে ভ্যানচালক। তাকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করেন চিকিৎসক। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে মারা যায় একেন মোল্লা। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্ল্যা জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কাউকে আটক করা হয়নি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।