বগুড়ায় পথ কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগে স্বপন নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

সোমবার (২৯ জুন) মধ্যরাত ১২টার দিকে শহরের বকশিবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, দুপুরে শহরের কানছগাড়ী এলাকায় সাদা-কালো রঙের একটি কুকুরকে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত করা হয়। এ সময় কুকুরটি বাঁচতে প্রাণভয়ে দৌড়াতে গিয়ে রাস্তার পাশে একটি ড্রেনে পড়ে যায়। এ ঘটনায় বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া) বগুড়া শাখার আহ্বায়ক সদস্য মো. এমরান হোসেন বগুড়া সদর থানায় মামলা করেন।

মামলায় তিনি উল্লেখ করেন, সোমবার দুপুরে খবর পেয়ে তিনি কানছগাড়ী এলাকার ইন্ডিপেন্ডেন্ট হাসপাতালের পশ্চিম পাশের একটি গলিতে সাদা-কালো রঙের পথকুকুরকে গুরুতর আহত অবস্থায় ড্রেনে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় দুই ব্যক্তি এস এম সাদিকুল ইসলাম ও রাফিদ ইয়াসাদের সহযোগিতায় কুকুরটিকে উদ্ধার করে জলেশ্বরীতলা এলাকার একটি পশু চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। 

সেখানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাসহ জেলা প্রাণিসম্পদ বিভাগের একটি সমন্বিত চিকিৎসক দল কুকুরটির জরুরি চিকিৎসার ব্যবস্থা করেন। অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসার পর প্রাণীটির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

মামলায় তিনি আরো উল্লেখ করেছেন, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, স্বপন ধারালো কোনো বস্তু দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পথকুকুরটিকে আঘাত করে গুরুতর জখম করেছেন।

বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার বলেন, “মামলা হওয়ার পর অভিযান চালিয়ে সোমবার মধ্যরাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”