শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার জ্বালানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীতে বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডার্স অ্যাসোসিয়েশন (বায়লা) আয়োজিত বায়লা ফিউচার সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিল্পের টেকসই প্রবৃদ্ধি ও রপ্তানি সম্প্রসারণের জন্য নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ অপরিহার্য।

‘আমরা এখন জ্বালানি নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। এখনো অনেক শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুতের সমস্যা রয়েছে। আমরা এ বিষয়ে কাজ করছি এবং একটি বাস্তবসম্মত সময়সীমার মধ্যে এসব সমস্যার সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ,’ যোগ করেন মাহদী আমিন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বাংলাদেশের বিনিয়োগ আকর্ষণের তিনটি বড় শক্তি হলো- বৃহৎ তরুণ জনগোষ্ঠী, বিশাল অভ্যন্তরীণ বাজার ও একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার, যা নীতির ধারাবাহিকতা নিশ্চিত করতে সক্ষম। তবে এই সম্ভাবনাকে কাজে লাগাতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, বন্দর ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি ও ব্যবসার ব্যয় কমানো জরুরি।

তিনি জানান, সরকার নতুন শিল্পপার্ক স্থাপন, বন্ডেড ওয়্যারহাউস সুবিধা সহজীকরণ, আমলাতান্ত্রিক জটিলতা কমানো এবং স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন জোরদারে কাঠামোগত সংস্কার বাস্তবায়নে কাজ করছে।

তিনি আরও বলেন, ‘আমাদের বিনিয়োগ শুধু অবকাঠামোতে সীমাবদ্ধ থাকবে না। শিক্ষা, স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমরা মানুষের ওপর বিনিয়োগ করতে চাই।’

মাহদী আমিন জানান, সরকার বন্ডেড ওয়্যারহাউস সুবিধা সহজ করা, দ্রুত প্রণোদনা বিতরণ, প্রযুক্তি গ্রহণে উৎসাহ দেওয়া, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) সম্প্রসারণ, বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণ এবং প্রকৃত উদ্যোক্তাদের জন্য সহায়ক নীতিমালা বাস্তবায়নে কাজ করছে।

আরও পড়ুন

মাসরুর রিয়াজ / ছয় কৌশলে তৈরি পোশাক থেকে আসতে পারে ১০০ বিলিয়ন ডলার

অনুষ্ঠানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার উদ্যোক্তাদের, বিশেষ করে তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের উদ্যোক্তাদের দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য ব্যাংকঋণের পাশাপাশি পুঁজিবাজার ব্যবহারের আহ্বান জানান। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের করপোরেট অর্থায়নের মাত্র ১ শতাংশ পুঁজিবাজার থেকে আসে, যা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সুযোগ রয়েছে।

এদিকে অ্যাঙ্করলেস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা অংশীদার রাহাত আহমেদ পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বৃহৎ শিল্পগোষ্ঠীগুলোকে পেশাদার ব্যবস্থাপনায় পরিচালিত ‘ফ্যামিলি অফিস’ বা বিনিয়োগ ইউনিট গঠনের আহ্বান জানান, যাতে স্টার্টআপ, প্রাইভেট ইকুইটি এবং সম্ভাবনাময় বিভিন্ন খাতে বৈচিত্র্যময় বিনিয়োগ করা যায়।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. এম মাসরুর রিয়াজ বাংলাদেশের তৈরি পোশাক খাতকে ১০০ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানিতে পৌঁছাতে ছয় দফা রোডম্যাপ তুলে ধরেন। তিনি বলেন, তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম বড় সাফল্যের গল্প হলেও সীমিত পণ্য ও বাজারের ওপর অতিনির্ভরতা নতুন ঝুঁকি তৈরি করছে। তিনি ছয়টি কৌশল প্রস্তাব করেন-

কাস্টমস, অবকাঠামো ও নিয়ন্ত্রক সংস্কারের মাধ্যমে বাণিজ্য সুবিধা ও সীমান্ত ব্যবস্থাপনা উন্নত করা।
বন্দর সক্ষমতা বৃদ্ধি, মাল্টিমোডাল পরিবহন এবং সরবরাহ ব্যবস্থা আধুনিকায়নের মাধ্যমে লজিস্টিকস উন্নয়ন।
উচ্চমূল্য সংযোজিত পণ্য, ম্যান-মেড ফাইবার এবং নতুন বাজারে রপ্তানি ও বিনিয়োগে নীতিগত সহায়তা বৃদ্ধি।
টেকসই উন্নয়ন ও সার্কুলার অর্থনীতির জন্য জাতীয় কৌশল গ্রহণ।
প্রযুক্তি গ্রহণ ও দক্ষতা উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারত্ব সম্প্রসারণ।
ভবিষ্যতের শিল্পের চাহিদা পূরণে শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়নে দীর্ঘমেয়াদি বিনিয়োগ।

দিনব্যাপী এ সম্মেলনে নীতিনির্ধারক, শিল্প উদ্যোক্তা এবং নতুন প্রজন্মের ব্যবসায়িক নেতারা বাংলাদেশের পোশাকশিল্পের ভবিষ্যৎ, প্রতিযোগিতা সক্ষমতা, প্রযুক্তি, বিনিয়োগ, পুঁজিবাজার, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং টেকসই প্রবৃদ্ধি নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান এবং পিডব্লিউসি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং পার্টনার শামস জামান।

প্রথমবারের মতো বায়লা আয়োজন করে বাস্তবধর্মী ব্যবসায়িক সমস্যা সমাধান প্রতিযোগিতা ‘বায়লা ফিউচার লিডার্স’। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০০টির বেশি দল এতে অংশ নেয়। চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয় নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন দল।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান।

একিউএফ/এমআইএইচএস