সীমান্ত এলাকাগুলোতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৭ জুন) বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোদ, বৃষ্টি, ঝড় কিংবা প্রতিকূল আবহাওয়া—কোনো বাধাই সীমান্তে বিজিবির দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। পাহাড়-পর্বত, সাগর, নদী-নালা ও গহীন অরণ্যের দুর্গম সীমান্তে দিন-রাত নিরলসভাবে টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছে বিজিবি। ভারত বা বিএসএফ কর্তৃক অবৈধভাবে পুশইনের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে বিজিবি সর্বোচ্চ সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে। আরো বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের অখণ্ডতা রক্ষায় বিজিবির প্রতিটি সদস্য দৃঢ় প্রতিজ্ঞ এবং যেকোনো অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সর্বদা প্রস্তুত। অন্যায়ভাবে কোন ভারতীয় নাগরিককে এ দেশে ঠেলে দিলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।








