সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি হাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১৩টি চায়না দুয়ারি জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ জাল বিক্রির অভিযোগে দুজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

আজ বুধবার বেলা ৩টার দিকে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফান নজমু।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল বিক্রির দায়ে দুজনকে অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে আনুমানিক ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১৩টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া রং মিশ্রিত ২০ কেজি শিং মাছ উদ্ধার করা হয়। পরে মাছগুলো যমুনায় অবমুক্ত করা হয়।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু বলেন, মৎস্যসম্পদ রক্ষা ও অবৈধ জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।