সিরাজগঞ্জের বেলকুচিতে জমিতে ধান রোপণের কাজ করতে গিয়ে বজ্রপাতে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার রাজাপুর ইউনিয়নের চর সমেশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ সিয়াম (১৮) চর সমেশপুর গ্রামের মো. সুরুজ্জামানের ছেলে। তিনি চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে নিজ জমিতে ধান রোপণের কাজ করছিলেন সিয়াম। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে তিনি দ্রুত বাড়ির দিকে রওনা দেন। পথিমধ্যে বিকট শব্দে পরপর কয়েকটি বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ওসি আরো জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র স্বপ্নবাহী সন্তানের আকস্মিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে।